দেশবাংলা

হাট কাঁপাবে ১২০০ কেজির ‘দিনাজপুরের মহারাজা’, দাম হাঁকা হচ্ছে ২০ লাখ

বাংলা টিভি ডেস্ক: দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর দক্ষিণ শাহবাজপুর গ্রামে আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে একটি বিশাল ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে “দিনাজপুরের মহারাজা”।

প্রায় পাঁচ বছর বয়সী এই ষাঁড়টির ওজন প্রায় ১ হাজার ২০০ কেজি (প্রায় ৩০ মণ) এবং আকারে এটি অনেকটা হাতির মতো বলেও স্থানীয়রা জানান। ইতোমধ্যে কোরবানির বাজারে এর দাম ২০ লাখ টাকা পর্যন্ত হাঁকানো হচ্ছে।

এই ষাঁড়ের মালিক লুৎফর রহমান, যিনি পেশায় একজন চালক। তিনি জানান, জন্ম থেকেই প্রাণীটি অন্যগুলোর তুলনায় আলাদা ছিল। ধীরে ধীরে যত্ন ও ভালোবাসায় এটি বড় হয়ে উঠেছে। পরিবারের সদস্যের মতো করেই তিনি এটিকে লালন-পালন করেছেন।

মহারাজার দৈনিক খাদ্য তালিকায় রয়েছে দানাদার খাবারের পাশাপাশি কলা, আপেল, মালটা, তাজা ঘাস ও খড়সহ ৮–১০ ধরনের খাবার। মালিকের দাবি অনুযায়ী, প্রতিদিন প্রায় ২ হাজার টাকা খরচ হয় এর পেছনে, আর গত পাঁচ বছরে মোট ব্যয় হয়েছে প্রায় ১০ লাখ টাকা।

এদিকে বিশাল আকৃতির এই ষাঁড়টি দেখতে প্রতিদিনই আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ভিড় করছেন। অনেকেই ছবি ও সেলফি তুলছেন এই “মহারাজা”র সঙ্গে।

স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তা জানিয়েছেন, ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টি জেলার অন্যতম বড় গরু হিসেবে বিবেচিত হচ্ছে এবং খামারিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button