
বাংলা টিভি ডেস্ক: নাশকতা মামলায় গ্রেপ্তার হওয়া গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ আদালতে নেওয়ার পথে স্লোগান দিয়ে আলোচনায় এসেছেন। তার স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
রোববার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন সোমবার (৮ জুন) সকালে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউল করিম সবুজের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সে অনুযায়ী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, থানার হেফাজত থেকে আদালতে নেওয়ার সময় হাতে হ্যান্ডকাপ থাকা অবস্থায় তিনি বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিচ্ছেন। এ সময় উপস্থিত কয়েকজন পুলিশ সদস্য তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন। পরে প্রিজনভ্যানে তোলার পরও তিনি স্লোগান দিতে থাকেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় পর্যায়ে এ নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই বিষয়টি দেখতে থানা ফটকের সামনে ভিড় করেন।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল ইসলাম বলেন, নাশকতা ও বিস্ফোরক সংক্রান্ত মামলায় গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রেজাউল করিম সবুজকে আটক করা হয়েছে। তবে আদালতে নেওয়ার পথে তার স্লোগান দেওয়ার বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।



