রাজনীতি

নির্বাচনের পর গাড়ি-বাড়ি সব লাগে জামায়াতের: রাশেদ খান

বাংলা টিভি ডেস্ক: নির্বাচনের আগে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সরকারি সুযোগ-সুবিধা নিয়ে অবস্থান এবং নির্বাচনের পর তাঁদের দাবির মধ্যে অসঙ্গতি রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, নির্বাচনের আগে জামায়াত ও এনসিপির পক্ষ থেকে বলা হয়েছিল, ক্ষমতায় গেলেও তারা সরকারি বাড়ি-গাড়ির সুবিধা গ্রহণ করবে না। কিন্তু সংসদে যাওয়ার পর তারা গাড়ি এবং পরে অফিসের দাবি তুলেছে বলে অভিযোগ করেন তিনি।

পোস্টে সংরক্ষিত নারী আসনের এমপি মারদিয়া মমতাজের সাম্প্রতিক এক বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খান। তাঁর দাবি, আত্মীয়ের বাসা থেকে সংসদে যাতায়াতে কষ্ট হওয়ার কথা উল্লেখ করেছেন মারদিয়া মমতাজ। এ প্রসঙ্গে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, তিনি যদি আগে শিক্ষকতা ও টকশোতে অংশ নিতে পারেন, তাহলে তখনও কি আত্মীয়ের বাসা থেকেই এসব কার্যক্রম পরিচালনা করতেন না?

রাশেদ খান আরও জানান, একসময় একটি টেলিভিশন টকশোতে মারদিয়া মমতাজের সঙ্গে তাঁর অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে। সেখানে তিনি মারদিয়া মমতাজকে শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক পরিচয়ের পাশাপাশি রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার পরামর্শ দিয়েছিলেন বলেও উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে জামায়াতের রাজনৈতিক অবস্থান ও তাদের বিভিন্ন দাবিদাওয়ার প্রসঙ্গ টেনে রাশেদ খান কটাক্ষ করে বলেন, নির্বাচনের আগে যেসব সুবিধার প্রয়োজন নেই বলে দাবি করা হয়েছিল, নির্বাচনের পর সেসব সুবিধার প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button