খেলাধুলাফুটবল

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন রাবির ব্রাজিল সমর্থক

বাংলা টিভি ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ব্রাজিল সমর্থক শিক্ষার্থী আর্জেন্টিনার জয় হলে মাথা ন্যাড়া করার যে ঘোষণা দিয়েছিলেন, শেষ পর্যন্ত সেটিই বাস্তবে রূপ দিয়েছেন। নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে মাথা ন্যাড়া করেন তিনি।

শিক্ষার্থী জালাল ফরহাজী নিজেকে ব্রাজিল ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচয় দিয়ে বলেন, আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের আগে তিনি ঘোষণা দিয়েছিলেন যে আর্জেন্টিনা জিতলে মাথা ন্যাড়া করবেন। দলটির জয় নিশ্চিত হওয়ার পর সেই অঙ্গীকার অনুযায়ী তিনি মাথা মুড়িয়ে ফেলেছেন।

তবে মজার ছলে তিনি বলেন, ঘোষণার সময় যদি শর্ত জুড়ে দিতেন যে লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা জিতলে তবেই ন্যাড়া হবেন, তাহলে হয়তো এমন পরিস্থিতিতে পড়তে হতো না। তার মতে, মেসি ছাড়া আর্জেন্টিনা দলে তেমন কার্যকর কোনো খেলোয়াড় নেই। তারপরও কথা দিয়েছিলেন বলেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন।

এ সময় উপস্থিত আর্জেন্টিনা সমর্থকরাও তার সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখেন। তাদের একজন জাহিদ হাসান বলেন, খেলার আগে দেওয়া ঘোষণা বাস্তবায়ন করায় জালাল প্রশংসার দাবিদার। আরেক সমর্থক আলামিন রিজভী বলেন, স্বেচ্ছায় দেওয়া প্রতিশ্রুতি তিনি পালন করেছেন, যা প্রশংসনীয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button