ফুটবলআন্তর্জাতিকখেলাধুলাযুক্তরাষ্ট্র

বিশ্বকাপ ফাইনালে ট্রফি তুলে দেবেন ট্রাম্প

বাংলা টিভি ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই নতুন এক আলোচনার জন্ম দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মঙ্গলবার এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি নিশ্চিত করেছেন, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়ার অনুষ্ঠানেও তিনি অংশ নেবেন।

‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করে ইনফান্তিনো বলেন, ‘আমরা রাষ্ট্রপতির সঙ্গে ফাইনাল উপভোগ করব এবং বিজয়ীর হাতে ট্রফি তুলে দেব, অবশ্যই একসঙ্গে।’
উল্লেখ্য, এখন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে বিশ্বকাপের কোনো ম্যাচে উপস্থিত থাকেননি।

তবে তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা নিয়মিতই মাঠে উপস্থিত থেকে দলকে সমর্থন জানাচ্ছেন। এর আগে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচে ৪–১ গোলের জয়ের সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ফিফা সভাপতির পাশে বসে খেলা উপভোগ করতে দেখা গেছে।

ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি পর্ব থেকে শুরু করে নানা সময়ে ওভাল অফিসে তাদের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে।

এর আগে গত বছর ক্লাব বিশ্বকাপের শিরোপা বিজয়ী চেলসিকে ট্রফি প্রদানের সময়ও ট্রাম্প উপস্থিত ছিলেন। তবে সেই অনুষ্ঠানে ট্রফি প্রদানের সময় খেলোয়াড়দের মাঝে তার অবস্থান এবং দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া (দুয়ো ও হাততালি) বেশ আলোচনার জন্ম দিয়েছিল, যা সে সময় অনেক খেলোয়াড়কেও বিভ্রান্তিতে ফেলেছিল।

ফাইনাল মঞ্চে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতি ও ট্রফি হস্তান্তরের এই ঘোষণা বিশ্বকাপের চূড়ান্ত পর্বকে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে এক ভিন্ন মাত্রা যোগ করল বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button