
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোর পর্ব থেকে বিদায়ের পর প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন কলম্বিয়ার মিডফিল্ডার হ্যামিন্টন ক্যাম্পাজ। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন (এফসিএফ)।
শুক্রবার (১০ জুলাই) দেওয়া এক বিবৃতিতে ফেডারেশন জানায়, দেশের জার্সি গায়ে মাঠে নামার কারণে কোনো খেলোয়াড় বা তার পরিবারের সদস্যদের হুমকি ও হয়রানির শিকার হওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। একই সঙ্গে ক্যাম্পাজ ও তার পরিবারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিরাপদ ও সম্মানজনক ক্রীড়া পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
গত মঙ্গলবার (৭ জুলাই) শেষ ষোলোর ম্যাচে টাইব্রেকারে সুইজারল্যান্ডের কাছে ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কলম্বিয়া। অতিরিক্ত সময়ে নিশ্চিত একটি গোলের সুযোগ নষ্ট করেন আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রালের এই মিডফিল্ডার। যদিও টাইব্রেকারে তিনি নিজের শট সফলভাবে জালে জড়িয়েছিলেন, তবুও দলকে পরাজয় এড়ানো সম্ভব হয়নি।
ম্যাচ শেষে ইনস্টাগ্রামে নিজের হতাশার একটি ছবি প্রকাশ করে ক্যাম্পাজ সমর্থকদের প্রতি শান্ত থাকার আহ্বান জানান। তিনি লেখেন, ফুটবলে জয়-পরাজয় থাকবেই, কিন্তু কোনো হতাশা বা মতপার্থক্য কখনো ঘৃণা, ভয়ভীতি কিংবা সহিংসতার কারণ হতে পারে না। তিনি সবার প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার অনুরোধও জানান।
ঘটনার পর হুমকিদাতাদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নিতে দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রতি আহ্বান জানিয়েছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন। তাদের ভাষ্য, ফুটবল মানুষের মধ্যে ঐক্য, সম্মান ও আশার বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যম—এটি কখনোই ঘৃণা বা সহিংসতার উৎস হতে পারে না।
এই ঘটনা কলম্বিয়ার ফুটবলের এক বেদনাদায়ক ইতিহাসকেও স্মরণ করিয়ে দিয়েছে। ১৯৯৪ সালের বিশ্বকাপে আত্মঘাতী গোলের পর দেশে ফিরে আততায়ীর গুলিতে নিহত হন ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার। সেই ঘটনার মতো আর কোনো ফুটবলার যেন সহিংসতার শিকার না হন, সে আহ্বানও জানিয়েছেন সংশ্লিষ্টরা।



