গ্রাম বাংলাদেশবাংলা

সরকারি কেয়ার সেন্টারে শিশু অন্তঃসত্ত্বা, ৫ কর্মকর্তা বরখাস্ত

বাংলা টিভি ডেস্ক: ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারে (বালিকা) ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ২৭ সপ্তাহের অধিক অন্তঃসত্ত্বা শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় পাঁচ কর্মকর্তাকে বরখাস্ত ও অভিযুক্ত মো. ওয়াহিদ শেখকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও শিশু নিবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তার ওয়াহিদ শেখ ফরিদপুর সদর উপজেলার আদমপুর গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে।

এছাড়া বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সহকারী তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান, শামসুন্নাহার আক্তার ও তানিয়া তাজরীণ, মেট্রন-কাম-নার্স মনি আক্তার এবং কম্পিউটার অপারেটর আবীর দাস।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শহরের টেপাখোলা এলাকার একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। সরকারি কেয়ার সেন্টার থেকেই পড়াশোনা করতো সে। গত ৫ জানুয়ারি বিকেলে ওই এলাকার দর্জি মো. ওয়াহিদ শেখ তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্ত ওয়াহিদ তাকে একাধিকবার ধর্ষণ করেছে। গত ৬ জুলাই মেয়েটির শারীরিক জটিলতা দেখা দিলে ঘটনাটি জানাজানি হয়।

পরে শারীরিক পরীক্ষার পর জানা যায় ভুক্তভোগী শিক্ষার্থী ২৭ সপ্তাহের অন্তঃস্বত্তা।

এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে সমাজসেবা অধিদপ্তরের পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত ওয়াহিদকে গ্রেপ্তার করে।

সমাজসেবা অধিদপ্তরের উপ-সচিব ও পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. সাইফুল ইসলাম জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে ৮ জুলাই পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ এহিয়াতুজ্জামান বলেন, আদালতের নির্দেশে ভুক্তভোগীকে সমাজসেবা বিভাগের একটি ‘সেফ হোমে’ (নিরাপদ আবাসে) রাখা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দায়িত্ব পালনে অবহেলা ও ব্যর্থতার কারণে পাঁচজন কর্মকর্তাকে ‘স্ট্যান্ড-রিলিজ’ করা হয়েছে বলেও জানান তিনি।

কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, মামলা দায়েরের পরপরই অভিযুক্ত ওয়াহিদকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button