হাওরে ডাকাতদের ‘শেষ ওয়ার্নিং’ দিলেন এমপি ফজলুর রহমান

বাংলা টিভি ডেস্ক: কিশোরগঞ্জের হাওরাঞ্চলে সাম্প্রতিক ধারাবাহিক নৌ-ডাকাতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। ডাকাতদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণের পাশাপাশি সন্ধ্যার পর হাওরে নৌযান চলাচল বন্ধ রাখার প্রশাসনিক সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় এমপি বলেন, ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইনের হাওর এলাকায় সাম্প্রতিক কয়েকটি নৌ-ডাকাতির ঘটনা তাকে বিস্মিত ও উদ্বিগ্ন করেছে। তিনি শুধু প্রশাসনের ওপর নির্ভর না থেকে স্থানীয় জনগণকে নিজ উদ্যোগে সংগঠিত হয়ে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি বলেন, হাওর এখন দেশের অন্যতম পর্যটন গন্তব্য। তাই মানুষের স্বাভাবিক যাতায়াত ও পর্যটন কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বিকেল সাড়ে ৫টার পর হাওরে নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনার সমালোচনা করে ফজলুর রহমান বলেন, সমস্যার সমাধানের পরিবর্তে এমন সিদ্ধান্ত সাধারণ মানুষের ভোগান্তিই বাড়াবে। তার ভাষায়, ‘মাথাব্যথার চিকিৎসা করতে গিয়ে মাথা কেটে ফেলার মতো সিদ্ধান্ত এটি।’ দীর্ঘদিন ধরেই প্রয়োজনের তাগিদে রাত পর্যন্ত হাওরে নৌযান চলাচল করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।
ডাকাতদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে এমপি বলেন, অপরাধীদের পরিচয় তাদের কাছে রয়েছে। ডাকাতি বন্ধ না করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং হাওরাঞ্চলে তাদের কোনো জায়গা থাকবে না। তিনি এটিকে ‘শেষ ওয়ার্নিং’ বলেও উল্লেখ করেন।
সংসদ অধিবেশন শেষ হলে নিজে এলাকায় গিয়ে স্থানীয়দের সংগঠিত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, এরপর অপরাধীদের অবস্থান চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তবে যারা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের আত্মসমর্পণের আহ্বানও জানান ফজলুর রহমান। তিনি বলেন, প্রশাসনের মাধ্যমে আত্মসমর্পণ করে অনুতপ্ত হলে তাদের বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনার সুযোগ থাকবে।
হাওরাঞ্চলের নিরাপত্তা আরও জোরদার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইন—এই তিন থানার জন্য তিনটি দ্রুতগামী স্পিডবোট বরাদ্দের দাবি জানান তিনি। তার মতে, দ্রুতগতির নৌযান ছাড়া নৌ-ডাকাতদের কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব নয়।
পর্যটকদের উদ্দেশে তিনি আশ্বস্ত করে বলেন, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। তাই হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণকারীরা নিশ্চিন্তে আসতে পারেন।
উল্লেখ্য, সম্প্রতি কিশোরগঞ্জের হাওরাঞ্চলে একাধিক নৌ-ডাকাতির ঘটনায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিটের পর হাওর এলাকায় নৌযান চলাচল ও অবস্থান থেকে বিরত থাকার জন্য বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে।



