এতিমকন্যার বিয়েতে অভিভাবক হলেন জেলা প্রশাসক

বাংলা টিভি ডেস্ক: পিরোজপুরে প্রথমবারের মতো সরকারি শিশু পরিবারে বেড়ে ওঠা এক এতিম কন্যার বিয়ের আয়োজন করেছে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। উৎসবমুখর পরিবেশে সরকারি শিশু পরিবার ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে ওই বিয়ের আনুষ্ঠানিকতা।
রোববার (১২ জুলাই) রাতে অনুষ্ঠিত এ আয়োজনে কনের অভিভাবকের দায়িত্ব পালন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি আনুষ্ঠানিকভাবে কনে সুহানি আক্তারকে বরের হাতে তুলে দেন এবং নবদম্পতির সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।
জানা গেছে, বাবা-মা হারানো সুহানি আক্তার ২০১৫ সালে পিরোজপুর সরকারি শিশু পরিবারে আশ্রয় পান। সেখানেই তার বেড়ে ওঠা। প্রাপ্তবয়স্ক হওয়ার পর পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের রাকিব শেখের সঙ্গে এক লাখ এক টাকা দেনমোহরে তার বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সমাজসেবা অধিদপ্তর পিরোজপুরের উপ-পরিচালক মো. ইকবাল করিম, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শাবানা খানমসহ জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিরা।
বিয়েকে কেন্দ্র করে সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। সেখানে থাকা এতিম ও অসহায় শিশুরা তাদের সহপাঠীর নতুন জীবনের শুরুতে আনন্দ প্রকাশ করে। শুভেচ্ছা ও আবেগঘন মুহূর্তে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অভিভাবকহীন শিশুদের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের এমন মানবিক উদ্যোগকে তারা প্রশংসা করেন।



