কাদামাখা পথে কাঁধে চড়েই বিয়ের আসরে পৌঁছালেন বর

বাংলা টিভি ডেস্ক: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ভাটিগ্রাম এলাকায় বেহাল সড়কের কারণে ব্যতিক্রমী এক ঘটনার জন্ম হয়েছে। টানা বৃষ্টিতে কাঁচা রাস্তা কাদায় ঢেকে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে বিয়ের অনুষ্ঠানে পৌঁছাতে বাধ্য হয়ে অন্যের কাঁধে চড়েই পথের একটি অংশ অতিক্রম করেন বর।
জানা গেছে, গত শুক্রবার ভাটিগ্রামের বাসিন্দা হাবিবুর রহমান কুড়িগ্রাম সদর উপজেলার হরিশ্বর গ্রামে বিয়ের উদ্দেশে রওনা দেন। বাড়ি থেকে বের হওয়ার পরই প্রায় এক কিলোমিটার কাদামাখা রাস্তার কারণে বরযাত্রীর বহর আটকে যায়। রাস্তার যেসব অংশে কাদা বেশি ছিল, সেসব জায়গা বন্ধুদের কাঁধে চড়ে পার হন তিনি। পরে রাস্তার শেষ প্রান্তে একটি মাইক্রোবাসে উঠে কনের বাড়ির উদ্দেশে যাত্রা অব্যাহত রাখেন।
ঘটনার একটি ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
বরের বন্ধু নাজি জানান, অতিরিক্ত বৃষ্টিতে পুরো রাস্তাই কর্দমাক্ত হয়ে পড়েছিল। কোনো যানবাহন চলার সুযোগ না থাকায় বন্ধুকে কাঁধে তুলে নিয়ে যেতে হয়েছে। দীর্ঘদিন ধরেই ওই সড়কের এমন দুরবস্থা বিরাজ করছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভাটিগ্রাম থেকে বৃদ্ধের বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক বর্ষা এলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। দ্রুত সংস্কার না হলে প্রতিবছরই কয়েকটি গ্রামের হাজারো মানুষকে একই ধরনের ভোগান্তির মুখে পড়তে হবে।
সংরক্ষিত নারী ইউপি সদস্য মর্জিনা বেগম বলেন, বৃষ্টির সময় রাস্তাটির অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে অনেক জায়গায় হাঁটাও কঠিন হয়ে পড়ে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।



