ডিজিটাল প্ল্যাটফর্মে মাদক ব্যবসার শাস্তি মৃত্যুদণ্ড, সংসদে আইন পাস

বাংলা টিভি ডেস্ক: সাইবার স্পেস ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা পরিচালনার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে মাদক নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। নতুন আইনে এ ধরনের অপরাধে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং সর্বোচ্চ ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিলটি সংসদে উত্থাপন করেন। জনমত যাচাই, সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ এবং সংশোধনী প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটে বিলটি পাস হয়। কমিটির সুপারিশ অনুযায়ী প্রযুক্তিনির্ভর মাদক-সংক্রান্ত অপরাধকে আইনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংশোধিত আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি সাইবার স্পেস, সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ডিজিটাল ডিভাইস, ইলেকট্রনিক যোগাযোগব্যবস্থা বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মাদক কেনাবেচা, সরবরাহ, প্রচার, যোগাযোগ কিংবা এ-সংক্রান্ত যেকোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। একইভাবে ডিজিটাল পেমেন্ট সিস্টেম, ই-ওয়ালেট, ভার্চুয়াল অ্যাসেট বা ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে এসব কার্যক্রম পরিচালনা বা পরিচালনার চেষ্টা করলেও আইনি ব্যবস্থা নেওয়া যাবে।
নতুন বিধানে আরও উল্লেখ করা হয়েছে, ডিজিটাল মাধ্যমে সংঘটিত মাদক-সংক্রান্ত অপরাধের বিচার করতে অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে সরাসরি মাদক উদ্ধার হওয়া বাধ্যতামূলক নয়। অপরাধ প্রমাণিত হলে যেকোনো মেয়াদের কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া যাবে। আর যদি অপরাধটি আন্তর্জাতিক বা সংঘবদ্ধ চক্রের সঙ্গে সম্পৃক্ত হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা, কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
আইন অনুযায়ী, সংশ্লিষ্ট আদালত বা মাদক অপরাধ দমন ট্রাইব্যুনাল প্রয়োজনে ডিজিটাল অ্যাকাউন্ট, ডিভাইস, ই-ওয়ালেট, ভার্চুয়াল অ্যাসেট, ক্রিপ্টোকারেন্সি ও অন্যান্য ডিজিটাল সম্পদ জব্দ, অপসারণ বা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিতে পারবে।
এ ছাড়া সংশোধিত আইনে সাধারণ আদালতের পাশাপাশি মাদকপ্রবণ এলাকায় পৃথক মাদক অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের বিধান বহাল রাখা হয়েছে। প্রযুক্তিনির্ভর মাদক অপরাধ দমনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আগ্নেয়াস্ত্র বহন এবং ডগ স্কোয়াড গঠনের ক্ষমতাও দেওয়া হয়েছে।
বিলের ওপর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।



