‘তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি’

বিনোদন ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ঢালিউডের দুই পরিচিত মুখ ওমর সানী ও শাহরিয়ার নাজিম জয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের মজার বাকযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে মন্তব্যের পর জয়ের ব্যঙ্গাত্মক পোস্টের জবাবে এবার ‘অরিজিনাল চাবুক’ আনার কথা জানিয়ে পালটা রসিকতা করেছেন ওমর সানী।
সোমবার (১৩ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ওমর সানী লেখেন, শাহরিয়ার নাজিম জয়ের জন্য তিনি ‘অরিজিনাল চাবুক’ অর্ডার করেছেন। তবে পোস্টের শেষ অংশে তিনি উল্লেখ করেন, এটি ‘খেলাধুলা ও ফান’-এর অংশ, ব্যক্তিগত কোনো বিরোধ নয়।
এর আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান শাহরিয়ার নাজিম জয়।
জয়ের পোস্টে নব্বইয়ের দশকের সিনেমার প্রসঙ্গ টেনে বলা হয়, এখন তিনি বুঝতে পারছেন কেন অভিনেত্রী মৌসুমী সিনেমায় ওমর সানীকে চাবুক মারতেন। ওই পোস্ট ছড়িয়ে পড়ার পরই হাস্যরসের ছলে জবাব দেন ওমর সানী।
দুই তারকার এই বন্ধুত্বপূর্ণ খুনসুঁটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আগ্রহ দেখা গেছে। ভক্ত-অনুরাগীরাও তাদের পোস্টের মন্তব্যে এই মজার আদান-প্রদান উপভোগ করছেন।



