মক্কা জাদুঘরে সাহাবিদের যুগে পবিত্র কোরআন সংরক্ষণের ইতিহাস প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র কোরআনের সংরক্ষণ ও লিখনের প্রাথমিক ইতিহাস দর্শনার্থীদের সামনে তুলে ধরতে সৌদি আরবের মক্কায় প্রতিষ্ঠিত হয়েছে একটি বিশেষ জাদুঘর। হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত দ্য হলি কোরআন মিউজিয়াম-এ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর যুগে কোরআনের আয়াত লিপিবদ্ধ করতে ব্যবহৃত বিভিন্ন উপকরণের প্রতিরূপ প্রদর্শন করা হচ্ছে।
ইসলামের সূচনালগ্নে কোরআন গ্রন্থাকারে সংকলিত হওয়ার আগে সাহাবিরা ওহির আয়াত সংরক্ষণের জন্য চামড়ার টুকরো, খেজুর গাছের ডাল, কাঠ, পাথর এবং পশুর কাঁধ ও পাঁজরের হাড়সহ বিভিন্ন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতেন। জাদুঘরে সেই ঐতিহাসিক সামগ্রীগুলোর অবিকল প্রতিলিপি স্থান পেয়েছে, যা সে সময়ের সংরক্ষণ পদ্ধতির একটি বাস্তব চিত্র তুলে ধরে।
দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে জাদুঘরে আধুনিক ডিসপ্লে বোর্ড, ডিজিটাল উপস্থাপনা এবং ইন্টারঅ্যাক্টিভ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে দেখানো হচ্ছে, কীভাবে সাহাবিরা সীমিত উপকরণ ব্যবহার করেও কোরআনের বাণী অত্যন্ত সতর্কতার সঙ্গে সংরক্ষণ করেছিলেন এবং এর বিশুদ্ধতা অক্ষুণ্ন রেখেছিলেন।
বর্তমানে হেরা কালচারাল ডিস্ট্রিক্টের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে এই জাদুঘর। আধুনিক প্রদর্শনী ব্যবস্থার মাধ্যমে এখানে আগত দর্শনার্থীরা কোরআন নাজিল, সংরক্ষণ এবং পরবর্তীতে সংকলনের ইতিহাস সম্পর্কে বিস্তারিত ও বাস্তবধর্মী ধারণা লাভের সুযোগ পাচ্ছেন।



