আন্তর্জাতিকইন্ডিয়া

বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কর্নাটক রাজ্যের চিক্কাবল্লাপুর জেলার একটি আদালতে বিচারকের আসনে তান্ত্রিক আচার পালনের অভিযোগে ৬৫ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত মঞ্জুলা নামে ওই নারী চিক্কাবল্লাপুরের প্রথম অতিরিক্ত সিনিয়র সিভিল জজ ও প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রবেশ করে বিচারকের চেয়ারে সাদা সরিষা ছিটিয়ে একটি তান্ত্রিক আচার পালন করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাটি আদালত ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার সময় নিরাপত্তাকর্মীদের নজরে আসে। পরে বিষয়টি আদালত কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে প্রধান প্রশাসনিক কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা করে মঞ্জুলাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে কর্নাটকের ২০১৭ সালের অমানবিক কুপ্রথা ও কালো জাদু প্রতিরোধ ও নির্মূল আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিনের বিচারিক হেফাজতের নির্দেশ দেন। ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button