স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশীকে পাল্টাতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে উঠবে পারস্পরিক সম্মান, সমমর্যাদা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, মানুষ চাইলে নিজের জীবনসঙ্গী পরিবর্তন করতে পারে, কিন্তু প্রতিবেশী দেশ পরিবর্তনের সুযোগ নেই। তাই বাস্তব পরিস্থিতি বিবেচনায় রেখে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে পররাষ্ট্রনীতি পরিচালনা করতে হবে।
তিনি আরও জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কিংবা বাণিজ্যিক সহযোগিতার ধরন সরকার এককভাবে নির্ধারণ করে না। সংসদীয় আলোচনা এবং সংবিধান ও পররাষ্ট্রনীতির আলোকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের মূল অঙ্গীকার ‘সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে তিনি বলেন, দেশের মর্যাদা ও জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে না।
সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধী দলের উদ্বেগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, গত চার-পাঁচ মাসে সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, অন রেকর্ড কাউকেই অবৈধভাবে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। একই সঙ্গে তিনি বলেন, সীমান্তে বিজিবি আগের চেয়ে আরও সক্রিয় রয়েছে এবং প্রয়োজন হলে হামলার জবাবে পাল্টা গুলিও চালাচ্ছে।
বক্তব্যের শেষদিকে তিনি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সংসদের ভেতরে মতপার্থক্য ও রাজনৈতিক বিতর্ক থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো বিভেদ থাকা উচিত নয়। তার আশা, জাতীয় স্বার্থ রক্ষায় অতীতের মতোই ঐক্যবদ্ধ অবস্থান বজায় থাকবে।



