বাংলাদেশ

বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, তিন ভাড়াটে খুনি আটক

বাংলা টিভি ডেস্ক: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের সুলতানের ছেলে হেলাল, মহিউদ্দিন ও জাকির। বর্তমানে তাদের মিঠামইন থানা হেফাজতে রাখা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা ঢাকাভিত্তিক একটি ভাড়াটে অপরাধী চক্রের সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় নিজ বাড়ির সামনে জাহিদুল আলম জাহাঙ্গীর ও তার সহযোগী হাদিসের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় দুজনই গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে জেলা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনার পেছনে কারা রয়েছে, তা বের করতে তদন্ত চলছে। আটক ব্যক্তিরা সবাই জেলার বাইরের বাসিন্দা এবং প্রাথমিকভাবে তাদের ভাড়াটে খুনি হিসেবে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button