দেশবাংলাগ্রাম বাংলা

নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি (ডিজিটাল): টাঙ্গাইলের মির্জাপুরে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঝিনাই নদীর থলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮) ও রংপুর জেলার সাজ্জাদ (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক একটি নৌকা নিয়ে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ি পিকনিক স্পটে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় ঝিনাই নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে ঘটনাস্থলেই দুইজন অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ ফজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button