বাংলাদেশদুর্ঘটনা

কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) রাত প্রায় ৩টার দিকে নীলফামারী-রংপুর আঞ্চলিক মহাসড়কের কিশোরগঞ্জ থেকে টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। রিয়াদ একজন এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

পথিমধ্যে রাত ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বর-কনেসহ অন্তত ১৪ জন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু জীবন ইসলাম ও রিয়াদ ইসলামকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব জানান, গভীর রাতে মোট ১৪ জন আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে এবং বাকি ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নিহত দুইজনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button