মুসলিমদের আল্লাহর নামগুলোর জ্ঞান অর্জনের আহ্বান কাবার ইমামের

আন্তর্জাতিক ডেস্ক: আল্লাহ তাআলার দুটি মহান নাম আল-হাই (চিরঞ্জীব) ও আল-কাইয়্যুম (স্বয়ংসম্পূর্ণ)-এর অর্থ, মর্যাদা ও ইসলামী আকীদায় এর গভীর তাৎপর্য তুলে ধরেছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম শায়খ মাহের আল-মুআইকলি। শুক্রবার জুমার খুতবায় তিনি মুসলিমদের আল্লাহর নাম ও গুণাবলি সম্পর্কে গভীর জ্ঞান অর্জনের গুরুত্বের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
খুতবায় তিনি বলেন, আল্লাহর সুন্দর নামসমূহ ও তাঁর গুণাবলি সম্পর্কে জ্ঞান অর্জন ইসলামের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন জ্ঞানের অন্যতম। বিশেষ করে আল-হাই ও আল-কাইয়্যুম নাম দুটি এমন বিস্তৃত অর্থ বহন করে, যার মাধ্যমে মহান আল্লাহর পরিপূর্ণ ক্ষমতা, চিরস্থায়িত্ব এবং সবকিছুর ওপর তাঁর নির্ভরহীন কর্তৃত্ব প্রকাশ পায়।
শায়খ মাহের আল-মুআইকলি মুসলিমদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আল্লাহর নামসমূহের তাৎপর্য গভীরভাবে উপলব্ধি করতে হবে, তাঁর ওপর অটুট ভরসা রাখতে হবে এবং বিশেষ করে বিপদ-আপদ ও কঠিন সময়ে বেশি বেশি দোয়া, জিকির ও ইবাদতে মনোযোগী হতে হবে।
এদিকে একই দিনে মদিনার পবিত্র মসজিদে নববীতে জুমার খুতবায় পারিবারিক জীবন ও বৈবাহিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন ইমাম শায়খ হুসাইন আল আলে শায়খ। তিনি বলেন, ইসলাম ভালোবাসা, দয়া ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে দাম্পত্য জীবন গড়ে তোলার শিক্ষা দেয় এবং পারিবারিক স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
তিনি আরও বলেন, বৈবাহিক জীবনে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক বিচ্ছেদের সিদ্ধান্ত না নিয়ে আগে ধৈর্য, সংলাপ ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা করা উচিত। সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হলে কেবল শেষ বিকল্প হিসেবে বিচ্ছেদের পথে যাওয়া যেতে পারে।
খুতবার শেষাংশে তিনি সতর্ক করে বলেন, আবেগের বশবর্তী হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যা পরিবার ও দাম্পত্য জীবনের স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। একটি সুস্থ ও সুখী পরিবার গড়ে তুলতে স্বামী-স্ত্রী উভয়েরই দায়িত্বশীলতা, পারস্পরিক সহযোগিতা এবং সম্পর্ক রক্ষায় আন্তরিক প্রচেষ্টা অপরিহার্য।



