বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক বুদ্ধি প্রতিবন্ধী (১৭) কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ আল সাদি মুগ্ধ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর নানী বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের একটি গ্রামে শনিবার রাতে বাড়ির পাশের মাথাভাঙা নদীর পাড়ে তুলে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর রাতেই ভুক্তভোগীর নানী অভিযুক্তের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাতেই আব্দুল্লাহ আল সাদি মুগ্ধকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া আব্দুল্লাহ আল সাদি মুগ্ধ একই গ্রামের বাসিন্দা ও রাফিউল ইসলামের ছেলে। ভুক্তভোগী কিশোরীর বাবা মারা যাওয়ার পর থেকে তিনি নানীর বাড়িতে বসবাস করে আসছেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এস আই) ফিরোজ জানিয়েছে, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



