গ্রাম বাংলাদেশবাংলা

হাতীবান্ধায় পুলিশ-জনতা উত্তেজনা, আটক আসামিকে ছেড়ে দিতে বাধ্য হলো পুলিশ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হামিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটককে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় জনতার প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেয় পুলিশ।

শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হামিদুল ইসলামকে পুলিশ আটক করলে এলাকাবাসী এর প্রতিবাদ জানিয়ে তাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে বলে অভিযোগ তোলে। একপর্যায়ে স্থানীয়রা পুলিশের চারপাশে জড়ো হয়ে হামিদুলের মুক্তির দাবি জানায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাকে ছেড়ে দেয়।

এদিকে পুলিশ বলছে, হামিদুল ইসলামের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মাদক মামলা রয়েছে। এছাড়া তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তাদের কাছে তথ্য ছিল। তাকে আটক করার পর স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা পুলিশের কাজে বাধা দিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে দাবি পুলিশের।

তবে এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) রমজান আলী বলেন, ‍পুলিশ দেখে হামিদুল দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কোনো আপত্তিকর বস্তু উদ্ধার না হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ ও পুলিশের বক্তব্যে ভিন্নতা থাকায় প্রকৃত ঘটনা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button