২ লাখের মহিষ জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের ভূরিভোজ

বাংলা টিভি ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা জায়গা করে নিলে নেত্রকোনার দুর্গাপুরে মহিষ জবাই করে ফুটবলপ্রেমীদের আপ্যায়নের ঘোষণা দিয়েছিল স্থানীয় একতা সমিতি। পূর্বঘোষণা অনুযায়ী রোববার (১৯ জুলাই) সেই আয়োজন বাস্তবায়ন করা হচ্ছে।
জানা গেছে, পৌরসভার মার্কাস মোড় এলাকায় প্রায় দুই লাখ টাকা ব্যয়ে একটি মহিষ কিনে জবাই করা হয়েছে। রাতের ফাইনাল ম্যাচ উপলক্ষে মহিষের মাংস রান্না করে গভীর রাতে ভোজের আয়োজন করা হবে। শুধু সমিতির সদস্যরাই নন, বড় পর্দায় খেলা দেখতে আসা দর্শকদের জন্যও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।
সকাল থেকেই একতা সমিতির কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে আর্জেন্টিনা সমর্থকদের ভিড় জমতে শুরু করে। পাশাপাশি সমিতির উদ্যোগে বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।
একতা সমিতির সভাপতি হোসেন আলী বলেন, আর্জেন্টিনা ফাইনালে উঠলে ভোজের আয়োজনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটিই এখন বাস্তবায়ন করা হচ্ছে। এদিকে সমিতির উপদেষ্টা তাজুল ইসলাম জানান, মহিষ জবাইয়ের পাশাপাশি সবাইকে একসঙ্গে খেলা উপভোগের সুযোগ করে দিতে বড় পর্দারও ব্যবস্থা করা হয়েছে।



