বাংলাদেশ

সাপের কামড় খেয়ে নিজেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ‘বিষঝাড়া ওঝা’

বাংলা টিভি ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় একটি বাড়ি থেকে গোখরা সাপ উদ্ধার করতে গিয়ে সাপের ছোবলে আহত হয়েছেন ইমরান হোসেন (৩৮) নামে এক সাপুড়ে। তিনি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (১৭ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার গোলাপনগর ইউনিয়নের বাগগাড়ি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইমরান ভেড়ামারা উপজেলার হিড়িমাদিয়া গোরস্তান পাড়ার বাসিন্দা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সাপ ধরার ভিডিও প্রকাশ করে পরিচিতি পেয়েছেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, আমিরুল ইসলামের বাড়িতে সাপ উদ্ধারের জন্য ডাক পেয়ে সেখানে যান ইমরান। উঠানের একটি গর্ত খুঁড়ে প্রথমে তিনটি সাপের বাচ্চা উদ্ধার করেন। পরে একটি বড় গোখরা সাপ বের করে ধরার চেষ্টা করলে অসাবধানতাবশত সেটি তার হাঁটুর ওপরে ছোবল দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন ইমরান জানান, আগের দিন একই বাড়ির একমাত্র ছেলে সম্রাট সাপের কামড়ে মারা যাওয়ার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে তাকে খবর দেন। সাপটি ধরার প্রায় দেড় মিনিট পরই তিনি ছোবলের শিকার হন।

ঘটনার পর ইমরানের একটি ভিজিটিং কার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি নিজেকে সাপুড়ে হিসেবে পরিচয় দিয়ে সাপ ধরা ও সাপের বিষ ঝাড়ার পাশাপাশি বিভিন্ন জটিল ও গোপন রোগের চিকিৎসার দাবিও করেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, হাসপাতালে আনার পর ইমরানকে দ্রুত অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সাপে কাটার রোগীর সংখ্যা বাড়ছে। তাই সাপের ছোবলে আক্রান্ত হলে কোনো ধরনের ঝাড়ফুঁক বা বিলম্ব না করে দ্রুত সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button