শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

বাংলা টিভি ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শাপলা চত্বরের ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন তদন্ত চালিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষে একটি খসড়া প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে, যা বর্তমানে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে।
আমিনুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদনের তথ্য আরও পর্যালোচনা করা হবে, যাতে সঠিক ও স্বচ্ছ বিচার নিশ্চিত করা যায় এবং প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনা সম্ভব হয়। তিনি বলেন, হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের উপস্থিতিতে খসড়া প্রতিবেদনটি পর্যালোচনা করা হয়েছে এবং শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
মামলার সম্ভাব্য আসামিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খসড়া প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সাবেক বিজিবি মহাপরিচালকসহ কয়েকজনের নাম রয়েছে। তবে যাচাই-বাছাই শেষে আসামির তালিকায় পরিবর্তন আসতে পারে।
চিফ প্রসিকিউটর আরও জানান, এ পর্যন্ত নিহত ৬১ জনের একটি তালিকা পাওয়া গেলেও এর মধ্যে ৫৮ জনের পরিচয় নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে।
এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার, মুফতি মীর ইদ্রিসসহ সংগঠনটির একাধিক নেতা উপস্থিত ছিলেন।



