‘থাকো, টাকা নিয়ে আসি’ বলে উধাও মা, অপেক্ষায় দুই শিশুকন্যা

বাংলা টিভি ডেস্ক: দিনাজপুরের হিলিতে দুই শিশুকন্যাকে রাস্তার পাশে রেখে ‘টাকা নিয়ে আসছি’ বলে চলে যান তাদের মা। দীর্ঘ সময় অপেক্ষার পরও তিনি ফিরে না আসায় অসহায় দুই বোন থানা মোড়ে বসে কান্নাকাটি শুরু করলে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পুলিশের নজরে আসে।
রোববার (১৯ জুলাই) দুপুরে হিলি স্থলবন্দরের ৪ নম্বর গেটসংলগ্ন থানা মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, শিশু দুটির বাবা জীবন ঢাকায় থাকেন এবং তিনি মাদকাসক্ত। অভাব-অনটনের কারণে তাদের মা শাহনাজ কোলে থাকা ছোট সন্তানকে নিয়ে বড় দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে যান। যাওয়ার সময় তিনি শিশুদের বলেন, ‘তোমরা থাকো, আমি টাকা নিয়ে আসছি।’ কিন্তু এরপর আর ফিরে আসেননি।
পুলিশ জানিয়েছে, শিশু দুটির বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। তাদের দাদা-দাদি জীবিত রয়েছেন। পরিবারের সদস্যদের খুঁজে বের করে শিশুদের নিরাপদে তাদের জিম্মায় তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিখোঁজ মায়ের সন্ধানেও কাজ করছে পুলিশ।



