বাংলাদেশ

বিয়ের অনুষ্ঠানে মদ মনে করে মিথানল পান, দুইজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ীতে বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহল ভেবে মিথানল পান করে অসুস্থ হওয়া দুই যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জুলাই) তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জুনিয়ার বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সজিব (২২) এবং একই উপজেলার মোস্তফা ইসলামের ছেলে রনি মিয়া (২০)। সজিব কোনাবাড়ীর বাইমাইল কাদের মার্কেট এলাকায় ভাড়া থেকে কাঁচামালের ব্যবসা করতেন। আর রনি একই এলাকায় থেকে আশুলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেন।

স্থানীয়দের ভাষ্য, গত ১০ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বিয়াই সাগর অ্যালকোহল হিসেবে মিথানল পান করান। পরদিন সকাল থেকে সজিব ও রনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেন। পরে অবস্থার অবনতি হলে তাদের কোনাবাড়ীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মিথানল বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

নিহত রনির নানী রেজিয়া খাতুন অভিযোগ করে বলেন, রনি তার সঙ্গে থেকে পড়াশোনা করতেন এবং তিনি ভিক্ষাবৃত্তি করে তার লেখাপড়ার খরচ চালাতেন। রনি কোনো ধরনের নেশার সঙ্গে জড়িত ছিলেন না দাবি করে তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ঘটনায় অভিযুক্ত সাগর বর্তমানে পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, সজিবের মৃত্যুর বিষয়ে শাহবাগ থানা থেকে তথ্য পাওয়া গেছে। রনি মিয়ার মৃত্যুর বিষয়েও পরে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button