পঞ্চগড়ে ৫,৮৯০ কৃষকের ঋণ মওকুফ

বাংলা টিভি ডেস্ক: কৃষিঋণ মওকুফের ক্ষেত্রে কোনো দল বা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হয়নি বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রোববার দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চবিদ্যালয় মাঠে কৃষিঋণ মওকুফের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঋণের কারণে অনেক কৃষক হয়রানি ও মামলার মুখোমুখি হয়েছেন। ঋণ মওকুফের মাধ্যমে তারা সেই দুর্ভোগ থেকে মুক্তি পেলেন। এ উদ্যোগ কৃষকদের জন্য সহায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন।
ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, কৃষকদের জন্য সরকার পর্যাপ্ত পরিমাণ সার মজুত রেখেছে। কেউ যদি সার নিয়ে কৃত্রিম সংকট বা কোনো ধরনের অনিয়মের চেষ্টা করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বোদা উপজেলার ৫ হাজার ৮৯২ জন কৃষকের হাতে কৃষিঋণ মওকুফের সনদ তুলে দেওয়া হয়। এ সুবিধার আওতায় পঞ্চগড় জেলার মোট ২০ হাজার ৬৭১ জন কৃষক থাকবেন।
এদিকে একই অনুষ্ঠানে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মধ্যে ৩০ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।



