বাংলাদেশ

আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ খাওয়ানোর আশ্বাস, এখন ফোন ধরছেনা কেউই

বাংলা টিভি ডেস্ক: বিশ্বকাপজুড়ে প্রায় সাড়ে তিন হাজার ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা টাঙিয়ে আলোচনায় এসেছিলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঠাঁকুরঝিপাড়া গ্রামের সমর্থকেরা। সে সময় তারা ঘোষণা দিয়েছিলেন, প্রিয় দল আর্জেন্টিনা ফাইনালে উঠলে একটি মহিষ জবাই করে গ্রামের মানুষকে ভোজের আয়োজন করবেন। তবে আর্জেন্টিনা ফাইনালে জায়গা নিশ্চিত করলেও শেষ পর্যন্ত সেই ঘোষণা বাস্তবায়ন হয়নি।

গত ১৭ জুন আর্জেন্টিনা ফাইনালে উঠলে মহিষ জবাই করে ভূরিভোজের আয়োজনের ঘোষণা দেন গ্রামের সমর্থকেরা। রোববার (১৯ জুলাই) রাতে বাংলাদেশ সময় বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হওয়ার আগে সেই আয়োজন হওয়ার কথা থাকলেও বিকেলে গ্রামটিতে গিয়ে তেমন কোনো প্রস্তুতির দেখা মেলেনি। কেবল একটি আঞ্চলিক সড়কের কালভার্টের ওপর কয়েকটি সাউন্ড বক্স বসিয়ে খেলার পরিবেশ তৈরি করা হচ্ছিল।

আর্জেন্টিনা সমর্থকদের দাবি, তাদের ঘোষণার পর প্রবাসে থাকা কয়েকজন সমর্থক ফাইনালে উঠলে মহিষ কেনার জন্য আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর তাদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। ফলে মহিষ কেনার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা সম্ভব হয়নি।

সমর্থক নয়ন আলী জানান, বিশ্বকাপ চলাকালে প্রবাসী আর্জেন্টিনা সমর্থকদের সহযোগিতায় গ্রামের বিভিন্ন আয়োজন পরিচালিত হয়েছে। সাড়ে তিন হাজার ফুটের পতাকা টাঙানোর পাশাপাশি কয়েকটি ম্যাচ শেষে ভূরিভোজেরও আয়োজন করা হয়েছিল। তবে মহিষ কেনার জন্য যাদের ওপর নির্ভর করা হয়েছিল, তাদের সঙ্গে আর যোগাযোগ সম্ভব হয়নি।

তিনি বলেন, একাধিকবার ফোন ও বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি। তাই মহিষ জবাইয়ের পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। তবে গ্রামের তরুণ সমর্থকেরা সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছেন এবং খেলা উপলক্ষে হালকা নাস্তার আয়োজন করেছেন।

অন্যদিকে একই গ্রামের ব্রাজিল সমর্থক আশরাফুল সরকার বলেন, ব্রাজিল ফাইনালে উঠলে গরু জবাই করে ভোজ দেওয়ার ঘোষণা প্রথমে তাদের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল। পরে আর্জেন্টিনা সমর্থকেরাও মহিষ জবাইয়ের ঘোষণা দেন। তার দাবি, ব্রাজিল ফাইনালে উঠতে পারলে তারা নিজেদের প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়ন করতেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button