বাংলাদেশ

মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদীতে আছরের নামাজ আদায়ের সময় হঠাৎ অসুস্থ হয়ে তারা মিয়া (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে পৌর এলাকার দরগাহ কলামহলা জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া পৌরসভার বাগরাইট গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পূর্বপাড়া এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো এদিনও তিনি জামাতে আছরের নামাজ আদায় করছিলেন। নামাজ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভেতরেই লুটিয়ে পড়েন। উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা মিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

দরগাহ কলামহলা জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. জুনায়েদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা মিয়া নিয়মিত মসজিদে নামাজ আদায় করতেন এবং এলাকার সবার কাছে একজন সজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। আছরের নামাজ আদায়ের সময়ই তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button