বাংলাদেশ

স্পেনের জয়ে সেজদা, প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনকে কেন্দ্র করে এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠেছে। আহত যুবক আকবর হোসেন ওরফে জানি (২৩) উপজেলার শিবপুর ইউনিয়নের কণিকাড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শাহনূর মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয়দের দাবি, রোববার (১৯ জুলাই) গভীর রাতে বিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের জয় নিশ্চিত হলে আকবর আল্লাহর শুকরিয়া আদায় করতে মাঠের একপাশে সেজদা দেন। এ সময় একই গ্রামের আব্দুল বাতেনের ছেলে আব্দুল্লাহ (২৭) এবং আব্দুল আওয়ালের ছেলে রিফাত (২৩) তার ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত আকবরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আকবরের দাদি সেলিনা বেগম বলেন, ছোটবেলা থেকেই তিনি নাতিকে নিজের সন্তানের মতো লালন-পালন করেছেন। তিনি জানান, আকবর একজন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এবং বিষয়টি গ্রামের সবারই জানা। শুধুমাত্র সেজদা দেওয়ার ঘটনায় তাকে মারধর করা অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

আকবরের চাচাতো ভাই ও সহপাঠী মো. ওবায়দুল্লাহ ওবা বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন একজন মানুষের ওপর এমন হামলা অত্যন্ত নিন্দনীয়। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

পরিবার জানিয়েছে, চিকিৎসা শেষে তারা নবীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আব্দুল্লাহ ও রিফাতের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী বলেন, এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button