আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা, স্পেনের জয়ে গাজায় উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে ছিল ভিন্ন এক আবহ। বিভিন্ন ক্যাফেতে জড়ো হয়ে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচ উপভোগ করেন স্থানীয় ফিলিস্তিনিরা। অতিরিক্ত সময়ে ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের শিরোপা নিশ্চিত হলে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তারা।

দীর্ঘদিনের যুদ্ধ, বাস্তুচ্যুতি এবং মানবিক সংকটের মধ্যেও বিশ্বকাপের ফাইনাল গাজার মানুষের জন্য কিছুটা স্বস্তির মুহূর্ত এনে দেয়। স্থানীয়দের মতে, কয়েক ঘণ্টার জন্য হলেও তারা যুদ্ধের ভয়াবহ বাস্তবতা ভুলে ফুটবলের আনন্দে মেতে থাকার সুযোগ পেয়েছেন।

নুসেইরাত শরণার্থী শিবিরের অনেক দর্শক স্পেনকে সমর্থন করেন। তাদের ভাষ্য, ফিলিস্তিনি জনগণের প্রতি স্পেনের দীর্ঘদিনের সমর্থনের কারণেই তারা এই দলটির প্রতি সমর্থন জানিয়েছেন।

ফাইনাল দেখতে আসা এক ফিলিস্তিনি বলেন, ফিলিস্তিনের পাশে থাকা একটি দেশের প্রতি সংহতি জানাতেই তারা একসঙ্গে স্পেনকে সমর্থন করতে জড়ো হয়েছেন। একই সঙ্গে এই আয়োজনের মাধ্যমে শান্তির বার্তাও তুলে ধরতে চেয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দারা বলেন, যুদ্ধের মধ্যে বসবাস করলেও তারা শান্তি ও স্বাভাবিক জীবনের প্রত্যাশা করেন।

রোববার অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। এর আগে ২০১০ সালে প্রথমবার শিরোপা জিতেছিল স্প্যানিশরা। অন্যদিকে, ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়।

তথ্যসূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি ও রয়টার্স।

সংশ্লিষ্ট খবর

Back to top button