রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে সংসদ ভবন অভিমুখে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য ও র্যাপিড অ্যাকশন ফোর্স (র্যাফ) মোতায়েন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, পুলিশের বাধা সত্ত্বেও অনেক বিক্ষোভকারী সড়কে বসে অবস্থান নেন। আন্দোলনকারীদের দাবি, সংসদ ভবনসংলগ্ন এলাকায় সাময়িকভাবে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে, যাতে বিক্ষোভের ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে না পড়ে। তাদের আরও অভিযোগ, প্রতিবাদস্থলের আশপাশে সিগন্যাল জ্যামার ব্যবহারের কারণে মোবাইল ও ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়েছে।
এদিকে সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন হওয়ায় পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সংসদ ভবনের বিভিন্ন প্রবেশপথে অতিরিক্ত নিরাপত্তা আরোপ করা হয়েছে। বিক্ষোভ চলাকালে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানা গেছে।
এর আগে দিল্লি পুলিশ জানিয়েছিল, সংসদ ভবনমুখী এ কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। তবুও সকাল থেকেই যন্তর মন্তর এলাকায় বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। পরে তারা সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপরই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।



