বিজিবির জনবল, অস্ত্র ও প্রযুক্তি বাড়াতে সরকারের একাধিক সিদ্ধান্ত

বাংলা টিভি ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে আরও আধুনিক ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে জনবল বৃদ্ধি, আধুনিক অস্ত্র ও সরঞ্জাম সংগ্রহ এবং সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি মাদক পাচার রোধে বিজিবির ডগ স্কোয়াডের সক্ষমতা আরও কার্যকরভাবে ব্যবহারের পরিকল্পনার কথাও জানিয়েছে সরকার।
সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বিজিবির কার্যক্রম, সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত ধারণা নিতে সদর দপ্তর পরিদর্শন করা হয়েছে। এ সময় বাহিনীর সেক্টর, ব্যাটালিয়ন, জনবল, সীমান্ত নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং আধুনিক নজরদারি ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকানো এবং মাদক উদ্ধার অভিযানে বিজিবির ভূমিকা আরও জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, বিজিবির সক্ষমতা বাড়াতে জনবল বৃদ্ধি, যানবাহন, আধুনিক সরঞ্জাম ও প্রয়োজনীয় অস্ত্র সংগ্রহের বিষয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে বাহিনীর কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া এবং উদ্ধারকাজে বিজিবির ভূমিকা প্রশংসিত হয়েছে। সীমান্ত রক্ষার পাশাপাশি জনসম্পৃক্ত কার্যক্রমেও বাহিনীর অংশগ্রহণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া বিজিবির প্রশাসনিক অবকাঠামো উন্নয়ন, হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসক ও নার্স নিয়োগসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে দীর্ঘদিন ধরে আটকে থাকা এসব বিষয় দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।



