বদলির আদেশ সত্ত্বেও নড়িয়া থানায় বহাল ওসি বাহার মিয়া, চার সপ্তাহের রুল জারি হাইকোর্টের

শরীয়তপুর প্রতিনিধি: প্রশাসনিক কারণে বদলির আদেশ জারির তিন মাস পার হলেও শরীয়তপুরের নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়াকে একই কর্মস্থলে বহাল রাখার বৈধতা চ্যালেঞ্জ করে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (২০জুলাই) আদালতের এই নির্দেশনা প্রকাশ করা হয়।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ১৫ এপ্রিল বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এক আদেশে প্রশাসনিক কারণে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. বাহার মিয়াকে শরীয়তপুর জেলা থেকে কিশোরগঞ্জ জেলায় অবিলম্বে বদলির নির্দেশ দেওয়া হয়। তবে তিন মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও সেই আদেশ কার্যকর না হওয়ায় তিনি এখনো নড়িয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ঘটনায় নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী মতিউর রহমান সাগর হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার, শরীয়তপুর, পুলিশ সুপার, কিশোরগঞ্জ এবং নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়ার প্রতি রুল জারি করেন।
রুলে জানতে চাওয়া হয়েছে, প্রশাসনিক কারণে জারি করা বদলির আদেশ কার্যকর না করে কোন আইনগত ভিত্তি ও কর্তৃত্ববলে ওসি মো. বাহার মিয়া এখনো নড়িয়া থানায় বহাল রয়েছেন এবং কেন তার একই কর্মস্থলে বহাল থাকাকে আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না।
আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদের আদালতে তাদের অবস্থান ও লিখিত ব্যাখ্যা দাখিল করতে হবে।
উল্লেখ্য, ওসি মো. বাহার মিয়ার বদলির আদেশ কার্যকর না হওয়ার বিষয়টি নিয়ে এর আগে বাংলা টিভিসহ বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হয়। পরবর্তীতে জনস্বার্থে এ বিষয়ে রিট পিটিশনের শুনানি অনুষ্ঠিত হলে হাইকোর্ট সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করেন। রিটের শুনানি ও আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ার হোসেন।



