পানি বিক্রি করে বাবাকে হজে পাঠাতে চাওয়া সুজনের পাশে প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: ফুটপাথে পানি বিক্রি করে বাবাকে পবিত্র হজে পাঠানোর স্বপ্ন দেখা কিশোর সুজনের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সুজনের ভবিষ্যৎ গড়তে এবং তার স্বপ্নপূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সোমবার রাজধানীর জিয়া উদ্যানে সুজনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে সুজনের পানি বিক্রির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত ওই ভিডিওতে দেখা যায়, ফুটপাথে পানি বিক্রি করে উপার্জিত অর্থ দিয়ে বাবাকে হজে পাঠানোর ইচ্ছার কথা জানায় সুজন। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন।
অনুদান দেওয়ার সময় আমিনুল হক সুজনের পরিবারের প্রতি আহ্বান জানান, যেন তাকে আর ঝুঁকিপূর্ণ বা কায়িক শ্রমে যুক্ত না করা হয় এবং নিয়মিত পড়াশোনার সুযোগ দেওয়া হয়। তিনি সুজনের শিক্ষাজীবনের সব খরচ বহনের আশ্বাস দেন।
প্রতিমন্ত্রীর এই উদ্যোগে আবেগাপ্লুত হয়ে সুজনের বাবা জানান, তিনি ছেলেকে আর রাস্তায় পানি বিক্রি করতে দেবেন না। পাশাপাশি দ্রুত তাকে বিদ্যালয়ে ভর্তি করানোর প্রতিশ্রুতি দেন।
আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বিষয়গুলোকে গুরুত্বের সঙ্গে দেখেন। গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের কষ্টের বিষয় উঠে এলে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, সুজনের বাবাকে হজে পাঠানোর ইচ্ছা অত্যন্ত প্রশংসনীয়। তবে শিশুটির ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার শিক্ষা। সে যেন পড়াশোনা করে নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে পারে, সেটিই এখন মূল লক্ষ্য।
আমিনুল হক আরও জানান, সুজনের অসুস্থ মায়ের চিকিৎসা এবং পরিবারের আর্থিক সংকটের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। সুজনের পড়াশোনা চালিয়ে যাওয়া এবং পরিবারের সহায়তার জন্য নিয়মিত আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় সহায়তা পেলে সুজন ভালোভাবে পড়াশোনা করে একদিন নিজের ও পরিবারের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে।



