আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে: তথ্য উপদেষ্টা

বাংলা টিভি ডেস্ক: কেউ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা স্বাভাবিক প্রক্রিয়া বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, কেউ পারফর্ম করতে না পারলে মন্ত্রিসভা কিংবা উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনবেন প্রধানমন্ত্রী। এটা স্বাভাবিক প্রক্রিয়া।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের কাজকর্ম নিয়ে সমালোচনা করলে সমস্যা নেই। কিন্তু আইন লঙ্ঘন করে কোনো কিছু করা যাবে না।
‘অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, গুজব এবং নারীদের নিয়ে সাইবার বুলিং রোধে আইনজীবীদের নিয়ে একটা প্যানেল গঠন করেছে সরকার। দুয়েকদিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। এ প্যানেল নাগরিকদের আইনি সুরক্ষা দেবে। অনলাইনে অপতথ্য ও সাইবার বুলিংয়ে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না’, যোগ করেন তথ্য উপদেষ্টা।
কিছু অলিগার্কদের স্বার্থরক্ষায় দেশীয় গ্যাস উত্তোলনের উদ্যোগ নেয়া হয়নি জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের মজুত গ্যাস দিয়ে আরও ২৫ বছর জ্বালানি চাহিদা মেটানো যাবে। এলডিসি উত্তরণের প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় চেয়েছে সরকার। এতে ব্যবসায়ীদের ওপর চাপ কমবে।
এ সময় তথ্য উপদেষ্টা জানান, আগামী আগস্ট মাস থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি উদ্বোধন করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে।
ডা. জাহেদ উর রহমান জানান, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এখনো ক্ষতিপূরণ দিতে না পারাটা সরকারের ব্যর্থতা। স্বীকার করে নিচ্ছি। কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবশ্যই ক্ষতিপূরণ পাবেন।
তিনি আরও জানান, যান চলাচলের সুবিধার্থে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য সরিয়ে নেয়া হচ্ছে। নতুন জায়গায় নতুন করে এই ভাস্কর্য তৈরি করা হবে।



