বাংলাদেশ

মাদক নিয়ে দ্বন্দ্বে অপহরণের চেষ্টা, বাধা দিতে গিয়ে ছুরিকাঘাতে নিহত ১

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টায় বাধা দিতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রঞ্জু মিয়া (৫০) নিহত হয়েছেন।

এ ঘটনায় তার ছেলে মো. জুবায়ের (২৫) ও শ্যালক খোরশেদ আলম (৪০) আহত হয়েছেন। আহত দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামের জরজিসের ইটভাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ইটভাটার ভেতরে মাদকসংক্রান্ত বিষয় নিয়ে খোরশেদ আলমের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে খোরশেদকে উদ্ধার করতে এগিয়ে যান তার দুলাভাই রঞ্জু মিয়া ও ভাগনে মো. জুবায়ের।

এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে রঞ্জু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত খোরশেদ আলম ও মো. জুবায়েরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button