বাংলাদেশ

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার চালিতাবাড়ি এলাকায় পূর্ব শত্রুতার জেরে আতিকুর রহমান সাগর মণ্ডল (২৬) নামে এক সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর জড়িত থাকার সন্দেহে শাপলা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত সাগর মণ্ডল সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামের শাহাদাত মণ্ডলের ছেলে। তিনি শাখারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে সাগর মণ্ডলের বিরোধ চলছিল। তিনি স্ত্রীকে নিয়ে চালিতাবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে পরিবারের সদস্যরা খাবার খাওয়ার সময় তিনি বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বাইরে হট্টগোল শুনে তাঁর স্ত্রী মারজিয়া খাতুন ঘর থেকে বের হন।

অভিযোগ রয়েছে, সাগরের জেঠাতো ভাই জেলহাসের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল টিনের গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে সাগরের ওপর এলোপাতাড়ি হামলা চালায়।

প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে সাগর বাড়ির সামনে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী মারজিয়া খাতুন অভিযোগ করেন, স্বামীকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাঁকেও প্রাণনাশের হুমকি দেয়। গুরুতর আহত সাগরকে হাসপাতালে নেওয়ার সময়ও হামলাকারীরা তাদের অনুসরণ করে ভয়ভীতি প্রদর্শন করে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হলেও অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
নিহতের মা সাজেদা বেগম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িত থাকার অভিযোগে শাপলা নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও জানান, নিহত সাগর মণ্ডলের বিরুদ্ধে মারামারি, মাদক ও অস্ত্র আইনের মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে। তবে এসব মামলার সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button