জুয়ার টেবিলে উচ্ছ্বসিত নেইমার, বললেন ‘জীবন একটা কৌতুক’

আন্তর্জাতিক ডেস্ক: সান্তোসের হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে বিশ্রামে থাকলেও অবসর সময়টা ভিন্নভাবেই উপভোগ করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তাকে দেখা গেছে সাও পাওলোতে অনুষ্ঠিত ব্রাজিলিয়ান সিরিজ অব পোকার (বিএসওপি) উইন্টার টুর্নামেন্টে অংশ নিতে।
প্রতিযোগিতায় অংশ নেওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নেইমার লিখেছেন, ‘Life is a joke’, যার বাংলা অর্থ ‘জীবন একটা কৌতুক’। তার এই সংক্ষিপ্ত বার্তা এবং হাস্যোজ্জ্বল উপস্থিতি ভক্তদের মধ্যে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
২০২৬ ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের চতুর্থ ধাপ হিসেবে আয়োজিত বিএসওপি উইন্টার টুর্নামেন্টটি সাও পাওলোর ডব্লিউটিসি কমপ্লেক্সের গোল্ডেন হলে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
পোকারে নেইমারের অংশগ্রহণ নতুন নয়। ২০২৫ সালের একই টুর্নামেন্টে তিনি ৩৪৬ জন প্রতিযোগীর মধ্যে ২৯তম স্থান অর্জন করেছিলেন। ওই আসরে তার প্রাপ্ত পুরস্কারের পরিমাণ ছিল ৫৩ হাজার ৫০০ ব্রাজিলিয়ান রিয়াল।
এদিকে, শারীরিক অবস্থা বিবেচনায় সান্তোসের সর্বশেষ ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে নেইমারকে। বর্তমানে তিনি ক্লাবের অনুশীলন কেন্দ্রে বিশেষ ফিটনেস কর্মসূচির অধীনে প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শনিবার ব্রাজিলিয়ান লিগে শ্যাপেকোয়েন্সের বিপক্ষে ভিলা বেলমিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মাঠে ফিরতে পারেন এই ফরোয়ার্ড।



