আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করায় নওগাঁয় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

বাংলা টিভি ডেস্ক: নওগাঁর সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ব্যঙ্গাত্মক গান গাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। বুধবার (২২ জুলাই) বিকেলে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।
ঘটনার পর রাতে বিদ্যালয়ের পাশের নারচী মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বুধবার ক্লাস চলাকালে চতুর্থ শ্রেণির কক্ষে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। এ সময় কয়েকজন শিক্ষার্থী একটি গান গাইছিল। গান শুনে সহকারী শিক্ষক আব্দুস সালাম শ্রেণিকক্ষে প্রবেশ করেন এবং ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের বৈদ্যুতিক তার দিয়ে মারধর করেন।
তাদের দাবি, ওই সময় শ্রেণিকক্ষে থাকা ২৩ শিক্ষার্থীর মধ্যে ১৭ জন আঘাতপ্রাপ্ত হয়। আহতদের মধ্যে ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থী রয়েছে।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শামীমা আক্তার জানায়, শিক্ষক আব্দুস সালাম আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। দল হেরে যাওয়ায় কয়েকজন শিক্ষার্থী মজা করে ব্যঙ্গাত্মক গান গাইছিল। এ ঘটনায় শিক্ষক রেগে গিয়ে তাদের মারধর করেন।
একই শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান জানায়, কয়েকজন মিলে খেলা নিয়ে গান করার পর শিক্ষক রাগ করে তাদের পিঠে আঘাত করেন।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান।
স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, শিশু শিক্ষার্থীদের এভাবে শাস্তি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
অভিযোগের বিষয়ে শিক্ষক আব্দুস সালাম বলেন, শিক্ষার্থীদের মারধর করা ঠিক হয়নি। এ ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চান। অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন বলেও জানান তিনি।
নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ছানাউল হাবিব বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



