Uncategorized

বরিশালে টিফিনের রুটিতে ব্লেড, অল্পের জন্য রক্ষা পেল প্রাথমিকের শিক্ষার্থী

বাংলা টিভি ডেস্ক: বরিশালের গৌরনদী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের রুটির ভেতর থেকে একটি ধারালো ব্লেড উদ্ধার হয়েছে। তবে রুটি খাওয়ার আগে ব্লেডটি চোখে পড়ে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার (২২ জুলাই) পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণির এক ছাত্রী টিফিনের রুটি খাওয়ার সময় সেটি ছিঁড়তে গিয়ে ভেতরে একটি ব্লেড দেখতে পায়। বিষয়টি সঙ্গে সঙ্গে সে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহারকে জানায়। পরে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও রুটির ভেতরে থাকা ব্লেডটি দেখতে পান।

বৃহস্পতিবার সকালে ওই শিক্ষার্থী আলমতাজের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়। সময়মতো ব্লেডটি নজরে পড়ায় তার কোনো শারীরিক ক্ষতি হয়নি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার জানান, ঘটনা জানার পরপরই বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের দাবি, শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘আইল্যান্ড ট্রেডিং করপোরেশন’-এর প্রতিনিধি আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম জানান, তিনি বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টি পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button