Uncategorized

শাড়ি কিনে না দেওয়ায় প্রেসার কুকারের ঢাকনা দিয়ে পিটিয়ে- শ্বাসরোধ করে স্বামীকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: পছন্দের শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে স্বামীকে হত্যা করার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে ভারতের মহারাষ্ট্র পুলিশ। প্রথমে ঘটনাটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে উপস্থাপন করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদনে হত্যার আলামত পাওয়ার পর মামলার মোড় ঘুরে যায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সুনীতাদেবী হরেরাম সিংহ (৩০) বিহারের রোহতাস জেলার বাসিন্দা। মঙ্গলবার তাকে আটক করা হয়।

তদন্ত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই মহারাষ্ট্রের থানে জেলার বাদলাপুর পূর্ব এলাকার বাসায় শাড়ি কেনা নিয়ে স্বামী হরেরাম কিশুনজি সিংহ (৩৫) ও স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, উত্তেজনার মধ্যে সুনীতাদেবী প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীকে আঘাত করেন। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়।

ঘটনার পর পুলিশকে দেওয়া প্রাথমিক বক্তব্যে সুনীতাদেবী দাবি করেন, তার স্বামীর মৃত্যু দুর্ঘটনাবশত হয়েছে। ওই তথ্যের ভিত্তিতে প্রথমে একটি অপমৃত্যুর মামলা (এডিআর) দায়ের করা হয়।

তবে সরকারি হাসপাতালের ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে শ্বাসরোধের বিষয়টি নিশ্চিত হওয়ার পর তদন্তে নতুন মাত্রা যোগ হয়।

পুলিশ জানায়, চিকিৎসা প্রতিবেদনের পাশাপাশি নিহতের স্বজন ও বাড়ির মালিকের বক্তব্য বিশ্লেষণ করে স্ত্রীর সম্পৃক্ততার বিষয়ে সন্দেহ আরও জোরালো হয়।

বাদলাপুর পূর্ব থানার জ্যেষ্ঠ পরিদর্শক নীতিন পাতিল বলেন, চিকিৎসা প্রতিবেদনে স্পষ্ট হয়েছে যে, শ্বাসরোধের কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরবর্তী তদন্তে সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলাটি আদালতে উপস্থাপনের পর বিচারক অভিযুক্ত সুনীতাদেবীকে আগামী ২৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button