আন্তর্জাতিকইন্ডিয়া

আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ-পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: দিলীপ ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের চলমান ছাত্র আন্দোলনকে ঘিরে কড়া মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দিলীপ ঘোষ। তার দাবি, আন্দোলনের আড়ালে ভারতকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে নেওয়ার চেষ্টা চলছে, তবে সেই চেষ্টা সফল হবে না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) কলকাতার রাজারহাট-নিউটাউনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বর্তমানে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET)-এর প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগে দিল্লির যন্তর মন্তরে কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা। ‘কাকরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর ব্যানারে পরিচালিত এ আন্দোলন দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

এই আন্দোলন প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কিছু গোষ্ঠী বিদেশি শক্তির মদদে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তার ভাষায়, অতীতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তা সফল হয়নি এবং এবারও হবে না।

তিনি আরও দাবি করেন, কৃষক আন্দোলন, ছাত্র আন্দোলন ও নারী আন্দোলনে একই ধরনের সংগঠিত গোষ্ঠী সক্রিয় রয়েছে। তাদের উদ্দেশ্য সরকারের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টি করা।

বিদেশি প্রভাবের অভিযোগ তুলে দিলীপ ঘোষ বলেন, আন্দোলনের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি বিদেশি স্বার্থে কাজ করছেন এবং জনগণের প্রকৃত সমর্থন তাদের নেই। তিনি অভিযোগ করেন, আন্দোলনের আড়ালে শিক্ষার্থীদের ব্যবহার করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকার প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সময়োপযোগী সিদ্ধান্ত নেবেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, আন্দোলনকারীরা সরকারের কঠোর পদক্ষেপকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে।

বিরোধী নেতা রাহুল গান্ধীকেও আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, কিছু রাজনৈতিক নেতা বিদেশি শক্তির স্বার্থে বক্তব্য দিচ্ছেন এবং ভারতের উন্নয়ন ও ঐক্যের বিরুদ্ধে কাজ করছেন।

তবে দিলীপ ঘোষের এসব মন্তব্যের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি। আন্দোলনকারীদের পক্ষ থেকেও তার বক্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button