বাংলাদেশ

প্রতারকের খপ্পরে ভ্যান হারানো সেই শাহাদৎ পেল নতুন ভ্যান

বাংলা টিভি ডেস্ক: নাটোরে প্রতারকের খপ্পরে পড়ে একমাত্র উপার্জনের মাধ্যম ব্যাটারিচালিত ভ্যান হারিয়ে বিপাকে পড়া ১৪ বছর বয়সী শাহাদৎ হোসেন অবশেষে পেল নতুন ভ্যান। তার দুর্দশার খবর গণমাধ্যমে প্রকাশের পর দেশ-বিদেশ থেকে অসংখ্য মানুষ আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নাটোর জেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে শাহাদতের হাতে নতুন ব্যাটারিচালিত ভ্যান তুলে দেন সমাজসেবী রেন্টু মৃধা। এছাড়া বাগাতিপাড়া ও বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তার পরিবারকে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

নতুন ভ্যান পেয়ে আবেগাপ্লুত শাহাদৎ বলেন, ভ্যান হারানোর পর তিনি ভেবেছিলেন সবকিছু শেষ হয়ে গেছে। মা ও দুই বোনের সংসার চালানো এবং ঋণের কিস্তি পরিশোধ করা কীভাবে সম্ভব হবে, তা নিয়ে তিনি দিশেহারা ছিলেন। তবে এত মানুষের ভালোবাসা ও সহযোগিতা পাবেন, তা কখনো কল্পনাও করেননি। যারা কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শাহাদতের মা জ্যোৎস্না খাতুন জানান, এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নিয়ে ছেলের জন্য ভ্যানটি কিনেছিলেন। সেই ভ্যান চালিয়ে পাওয়া আয় দিয়েই প্রতি মাসে ৯ হাজার টাকা কিস্তি পরিশোধের পাশাপাশি সংসার চলত। অর্থাভাবে ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যায়। তিনি আশা প্রকাশ করেন, মানুষের সহযোগিতা অব্যাহত থাকলে শাহাদৎ আবার লেখাপড়ায় ফিরতে পারবে এবং আর ভ্যান চালাতে হবে না।

উল্লেখ্য, গত ২১ জুলাই নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকায় যাত্রীবেশী দুই প্রতারক কৌশলে শাহাদতের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে পালিয়ে যায়। পিতৃহীন এই কিশোর ওই ভ্যানের আয়েই পরিবারের ভরণপোষণ এবং ঋণের কিস্তি পরিশোধ করত। একমাত্র জীবিকার মাধ্যম হারিয়ে পরিবারটি চরম সংকটে পড়ে।

ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। দেশ-বিদেশে থাকা অনেক মানুষ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সহায়তা পাঠান। স্থানীয় প্রশাসন, সমাজসেবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতায় নতুন ভ্যান পেয়ে জীবনের নতুন আশার আলো দেখছে কিশোর শাহাদৎ।

সংশ্লিষ্ট খবর

Back to top button