আন্তর্জাতিক

ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-সহ দুই সন্তানের, বেঁচে গেলেন বাবা-ছেলে

ওমরাহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মা-সহ দুই সন্তানের, বেঁচে গেলেন বাবা-ছেলে

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় বাবা ও বড় ছেলে বেঁচে গেলেও ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মা এবং তাঁর অপর দুই সন্তান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে সৌদি আরবের রিয়াদ-মক্কা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তাঁর ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)।

দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং তাঁদের বড় ছেলে নাবিল। তাঁদের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।

নিহত তানিয়া তাহমিনা রিনার মামাতো ভাই সৌদি প্রবাসী নাসিম আহমেদ কবীর জানান, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে একটি প্রাইভেট কারে পুরো পরিবার মক্কার দিকে রওনা হয়। রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার যাওয়ার পর একটি দ্রুতগতির বড় যানবাহন তাঁদের প্রাইভেট কারটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

এতে কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মা ও তাঁর দুই সন্তান মারা যান। পরবর্তীতে মারাত্মক আহত অবস্থায় শফিকুল ইসলাম খোকন ও তাঁর বড় ছেলে নাবিলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। নিহতদের পরিবারের সদস্যরা সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক যোগাযোগ রাখছেন।

সৌদি ব্যুরো চিফ

সংশ্লিষ্ট খবর

Back to top button