
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আল আমিন (৩০) নামে এক নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিয়ের মাত্র তিন দিনের মাথায় তার এই অকাল মৃত্যু পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সেনবাগ–সোনাইমুড়ী সড়কের কোঠের বাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আল আমিন উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের পশ্চিম-দক্ষিণপাড়া এলাকার রশিদ ব্যাপারী বাড়ির বাসিন্দা এবং আব্বাস ক্বারির ছেলে। গত সোমবার (২০ জুলাই) তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতারপাইয়া বাজার থেকে মোটরসাইকেলে সোনাইমুড়ীর দিকে যাওয়ার পথে প্রবল বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যায়। এতে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



