বাংলাদেশ

৪ বছর পর চাকরি ফিরে পেলেন ‘টিপ-কাণ্ডে’ বরখাস্ত পুলিশ কনস্টেবল

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর ফার্মগেটে আলোচিত ‘টিপ-কাণ্ডে’ চাকরি হারানো পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেক প্রায় চার বছর পর পুনরায় চাকরিতে ফেরার সুযোগ পেয়েছেন। প্রশাসনিক ট্রাইব্যুনাল তাকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার নাজমুল তারেকের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহিম কাজল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চাকরি থেকে অব্যাহতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার রায়ে প্রশাসনিক ট্রাইব্যুনাল নাজমুল তারেককে পুনর্বহালের আদেশ দিয়েছেন।

ঘটনার সূত্রপাত ২০২২ সালের ২ এপ্রিল। সেদিন রাজধানীর ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারের সঙ্গে নাজমুল তারেকের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। সে সময় নাজমুল তারেক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রোটেকশন বিভাগে কর্মরত ছিলেন।

অভিযোগ ছিল, উল্টো পথে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে পুলিশ পোশাক পরিহিত নাজমুল তারেক লতা সমাদ্দারকে ‘টিপ পরছোস কেন’ বলে কটূক্তি করেন। এ অভিযোগ প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর বিভাগীয় তদন্তের ভিত্তিতে নাজমুল তারেককে প্রথমে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে বিভাগীয় কার্যক্রম শেষে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন নাজমুল তারেক। তার দাবি ছিল, তিনি টিপ নিয়ে কোনো মন্তব্য করেননি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। তিনি আরও দাবি করেন, ঘটনাস্থলের এক দোকানদারও তার বক্তব্যের পক্ষে সাক্ষ্য দিয়েছেন।

চাকরিতে পুনর্বহালের দাবিতে ২০২২ সালের নভেম্বরে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন নাজমুল তারেক। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত তাকে পুনরায় চাকরিতে বহালের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button