আমাদের দেশে শিশুদের চেয়ে গরুই বেশি নিরাপদ: মেহবুবা মুফতি

আন্তর্জাতিক ডেস্ক: পরীক্ষায় অনিয়মের অভিযোগের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি। বৃহস্পতিবার তিনি আন্দোলনটিকে দেশের সংবিধান, গণতন্ত্র এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার সংগ্রাম হিসেবে উল্লেখ করেন।
নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মেহবুবা বলেন, ‘পরীক্ষা শিক্ষার্থীদের হলেও প্রকৃত পরীক্ষা আমাদের সবার।’
নিট পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত মাস থেকে সিজেপি অনশন ও অবস্থান কর্মসূচি পালন করছে।
বক্তব্যে মেহবুবা অভিযোগ করেন, গত ১২ বছরে দেশে বিভাজনের রাজনীতি, দুর্নীতি, প্রশ্নফাঁস এবং নারী নির্যাতনের ঘটনা বেড়েছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
কেন্দ্রীয় সরকার ও বিচারব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও শিক্ষার্থীদের দাবির কার্যকর সমাধান হয়নি। তার ভাষ্য, বিচারবিভাগও দ্রুত পদক্ষেপ নিতে পারেনি। তিনি সতর্ক করে বলেন, তরুণ সমাজ যদি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার না হয়, তাহলে দেশের পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে।
মেহবুবা আরও বলেন, অনেক পরিবার সন্তানদের পড়াশোনার জন্য জমি বিক্রি করে বা বিপুল অর্থ ব্যয় করে। তাই শিক্ষার্থীদের ক্ষোভ ও দাবিকে গুরুত্ব না দিলে এর গুরুতর সামাজিক প্রভাব পড়তে পারে। সংবিধান ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রয়োজনীয়তার ওপরও তিনি জোর দেন।
তীব্র গরমের মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের দাবির প্রতি সরকারের উদাসীনতার সমালোচনা করে তিনি বলেন, তরুণদের শক্তিই দেশের সবচেয়ে বড় শক্তি এবং জনগণের এই শক্তিকে দীর্ঘদিন উপেক্ষা করা সম্ভব নয়।



