বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে নিজেদের মধ্যে গোলাগুলি করে ২ বিএসএফ সদস্য নিহত

বাংলা টিভি ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তসংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগরের বিএসএফ ক্যাম্পে এক জওয়ানের গুলিতে তার দুই সহকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক জওয়ান গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে মালদার বিধাননগরে অবস্থিত বিএসএফের ১১৯ ও ৭১ নম্বর ব্যাটালিয়নের সদর দপ্তরে এ ঘটনা ঘটে।

বিএসএফ সূত্রে জানা গেছে, অভিযুক্ত জওয়ানের নাম শিবম মিশ্র। তিনি ভারতের ছত্তিশগড়ের বাসিন্দা। হঠাৎ করেই তিনি সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালান। এতে ঘটনাস্থলেই দুই জওয়ানের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।

নিহত দুই জওয়ান হলেন বিহারের ছাপড়া জেলার মানঝি এলাকার বাসিন্দা ৫১ বছর বয়সী অজয় কুমার সিং এবং মহারাষ্ট্রের গড়চিরোলির বাসিন্দা ৩৭ বছর বয়সী আম্বাদার সুরেশ দারগু। আহত বিকাশ ব্রহ্ম (৪৪) পশ্চিমবঙ্গের হুগলি জেলার পোলবা থানার মোহান্দা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, নিহত ও আহত তিন জওয়ানই বিএসএফের ৭১ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগে প্রায় এক বছর আগে একই জওয়ানের বিরুদ্ধে সহকর্মীদের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় বাহিনীর অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী তিনি শাস্তিও পেয়েছিলেন। কয়েক দিন আগে সেই শাস্তির মেয়াদ শেষ হয় এবং তাকে বাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এর মধ্যেই এই ঘটনা ঘটে।

ঘটনার পর বৈষ্ণবনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি সুরেন্দ্র কুমার ঝা জানিয়েছেন, বাহিনীর পক্ষ থেকেও পৃথকভাবে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

এই ঘটনায় বৈষ্ণবনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button