‘গাজা নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ায় স্ত্রীসহ আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে নিজের অবস্থান প্রকাশের কারণে নিজে ও তার স্ত্রী হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানি। মার্কিন সাময়িকী রোলিং স্টোন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
সাক্ষাৎকারে মামদানি বলেন, মৃত্যুর হুমকির বিষয়টি মানসিকভাবে মোকাবিলা করা সহজ নয়। তবে জনগণের স্বার্থে কোনো বিষয়ে অবস্থান নিলে তার কিছু পরিণতি মোকাবিলা করার প্রস্তুতিও রাখতে হয় বলে মন্তব্য করেন তিনি।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য থাকাকালীনও একই ধরনের হুমকি পাওয়ার কথা উল্লেখ করেন মামদানি। এ সময় তিনি ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এবং গাজায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রাণহানির বিষয়ে তার সমালোচনামূলক অবস্থানের কথা তুলে ধরেন।
মামদানি বলেন, মেয়র নির্বাচিত হওয়ার আগেই এসব হুমকি আসতে শুরু করেছিল এবং দায়িত্ব গ্রহণের পরও তা অব্যাহত রয়েছে। ইসরায়েল-গাজা ইস্যুতে নিজের মত প্রকাশের কারণে তার স্ত্রীকেও অনলাইন ও অন্যান্য মাধ্যমে সমালোচনা এবং হুমকির মুখে পড়তে হয়েছে বলে জানান তিনি।
অন্য এক সাক্ষাৎকারে দ্য নিউইয়র্ক টাইমস-কে মামদানি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে তিনি মনে করেন, তার বিচার দ্য হেগে হওয়া উচিত।
তবে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার মতো স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের নেই বলেও স্পষ্ট করেন মামদানি। তিনি বলেন, এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার দায়িত্ব মার্কিন কেন্দ্রীয় সরকারের ওপরই বর্তায়।



